স্পোর্টস ডেস্ক
২০২৭ সালের নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি পুনর্নির্ধারণের কারণে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে পূর্বনির্ধারিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ যথারীতি অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নারী চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী আসরের সময়সূচি জুন-জুলাই থেকে পরিবর্তন করে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নির্ধারণ করায় অস্ট্রেলিয়া তাদের নারী দলের আন্তর্জাতিক সূচিতে পরিবর্তন আনে।
আগের সূচি অনুযায়ী বাংলাদেশ নারী দলের আগামী ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। সংশোধিত সূচিতে ওয়ানডে সিরিজ বহাল থাকলেও টি-টোয়েন্টি সিরিজ বাতিল করা হয়েছে।
বাংলাদেশের পরিবর্তে ওই সময় নিউজিল্যান্ড নারী দল অস্ট্রেলিয়া সফর করবে। তারা আগামী ১৮, ২০ ও ২২ অক্টোবর সিডনিতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এই তারিখগুলোতেই আগে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিল।
এছাড়া নিউজিল্যান্ড নারী দল ২০২৭ সালের মার্চ মাসে আবারও অস্ট্রেলিয়া সফর করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬ মার্চ ক্যানবেরায় এবং ৮ ও ১০ মার্চ মেলবোর্নে।
৮ মার্চের ম্যাচটি হবে জাংশন ওভালে ফ্লাডলাইট স্থাপনের পর প্রথম দিবা-রাত্রির আন্তর্জাতিক ম্যাচ। একই দিন আন্তর্জাতিক নারী দিবস এবং মেলবোর্নে সরকারি ছুটির দিন হওয়ায় ম্যাচটি ঘিরে বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান পিটার রোচ বলেন, আইসিসির নতুন সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এমন একটি পরিকল্পনা করা হয়েছে, যা দল ও সমর্থকদের জন্য সর্বোত্তম হবে। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নিউজিল্যান্ড ক্রিকেটকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি পরিবর্তনের ফলে বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি সিরিজ বাতিল হলেও ওয়ানডে সিরিজ বহাল থাকায় দুই দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা মাঠে গড়াবে নির্ধারিত সময়েই