হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জৈব সার এবং বালাইনাশক (বায়োপেস্টিসাইড) ব্যবহারের গুরুত্ব শীর্ষক এক আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তিলাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।
তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (সেলস) মো: রশীদুল ইসলাম।
কর্মশালায় পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জৈব সার এবং জৈব বালাইনাশক ব্যবহারের নানাবিধ ইতিবাচক দিক তুলে ধরে আঞ্চলিক ব্যবস্থাপক মো: রশীদুল ইসলাম বলেন, "রাসায়নিক সার ও কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহার মাঠপর্যায়ে কৃষকদের মারাত্মক স্বাস্থ্যগত ঝুঁকি বাড়াচ্ছে। একই সাথে অধিক মাত্রায় রাসায়নিক উপাদান ব্যবহার করে উৎপাদিত কৃষিপণ্য মানবদেহের জন্য চরম ক্ষতিকর। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক সবসময় সরকারের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে এবং কৃষির টেকসই উন্নয়নে উচ্চফলনশীল ও উন্নত জাতের বীজ কৃষকদের মাঝে সরবরাহ করছে।"
কর্মশালায় অংশ নেওয়া স্থানীয় কৃষক শহিদুল ইসলাম ও সাইদুর রহমান তাদের প্রতিক্রিয়ায় জানান, জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এর ফলে কৃষকেরা শ্বাসকষ্ট ও ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ব্র্যাক সিডের টেরিটরি সেলস অফিসার মাহাবুব আলম, অ্যাসোসিয়েট সেলস অফিসার বিজয় হোসাইন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন ও বীজ ব্যবসায়ী কাওছার আলী সহ এলাকার প্রগতিশীল কৃষকবৃন্দ।
কর্মশালা শেষে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের পক্ষ থেকে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের সবজি বীজ ও পরিবেশবান্ধব জৈব বালাইনাশক উপকরণ বিতরণ করা হয়।