রাকিব হোসাইন হৃদয় নিজস্ব প্রতিবেদন
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ দস্যুতার প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু, একটি সুইচ গিয়ার এবং একটি লোহার রড উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুর রহমানের নেতৃত্বে ছিনতাইকারী গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জুন দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে চাষাড়া এলাকার আমলাপাড়াস্থ এসকে ব্যানার্জী রোডের মসজিদ মার্কেট সংলগ্ন মারুফ স্টোরের সামনে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মেহেদী (২২), পায়েল (২৩) ও সৌরভ (২৫)। অভিযানের সময় তাদের সহযোগী আরও একজন পালিয়ে যায়।
পুলিশের দাবি, ধৃতদের দেহ তল্লাশি করে মেহেদীর কাছ থেকে একটি স্টিলের তৈরি সুইচ গিয়ার, পায়েলের কাছ থেকে একটি চাকু এবং সৌরভের কাছ থেকে বিশেষভাবে বহন করা আরেকটি চাকু উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি লোহার রডও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পথচারী, যানবাহন, রিকশা ও মোটরসাইকেল আরোহীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। তারা নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলেও তদন্তে উঠে এসেছে।
পুলিশ আরও জানায়, ঘটনার দিনও তারা দেশীয় অস্ত্র নিয়ে দস্যুতা সংঘটনের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজন এবং পলাতক অপর আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
যেকোনো ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।