আজ কুড়িগ্রাম জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব অন্নপূর্ণা দেবনাথ ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের নদীভাঙনকবলিত বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ভাঙনের শিকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে বলেন, সরকার নদীভাঙনকবলিত মানুষের পাশে রয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে ভাঙনরোধে নদীর তীরে জিও ব্যাগ ফেলার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বসতভিটা হারানো প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এছাড়া নদীভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
পরিদর্শনকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সূত্র: জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম।