ডেস্ক রিপোর্ট
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ২ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার (১৩ জুন) রাতে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে টাইগাররা।
এর আগে ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানসহ বিশ্বের শীর্ষ দলগুলোর বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের অভিজ্ঞতা থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ফরম্যাটে সিরিজ জয় ছিল অধরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটাল বাংলাদেশ।
২০০৫ সালে প্রথমবারের মতো ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। পরে ২০১৭ সালে টেস্ট এবং ২০২১ সালে টি-টোয়েন্টি সিরিজেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য পেয়েছিল টাইগাররা। এবার ওয়ানডে সিরিজ জয় করে নতুন এক মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ ক্রিকেট দল।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানায়, দলের এই অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে ২ কোটি টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের ক্রিকেটের অগ্রযাত্রায় এই অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ দলের এই ঐতিহাসিক সাফল্যে ক্রিকেটাঙ্গনসহ দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
মন্তব্য করুন