ঝালকাঠি শহরের এক তরুণীর ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ এবং পরবর্তীতে এক মুসলিম যুবককে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
তথ্যসূত্রে জানা যায়, শহরের কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণু চন্দ্র ধরের কন্যা ঐশী ধর (১৯) গত ১ এপ্রিল বরিশালে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরের পর তিনি নিজের নাম পরিবর্তন করে উর্মি আক্তার রাখেন।
এফিডেভিটে তিনি স্বেচ্ছায় ও নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের কথা উল্লেখ করেছেন বলে জানা গেছে। ইসলাম ধর্মের প্রতি আগ্রহ ও ইসলামী জীবনধারা অনুসরণের উদ্দেশ্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ধর্মান্তরের পর ঝালকাঠি শহরের পশ্চিম চাঁদকাঠি এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন পরশের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন উর্মি আক্তার। পরে গত ২৭ এপ্রিল নলছিটির একটি কাজী অফিসে তাদের বিয়ে নিবন্ধিত হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ঝালকাঠি জুড়ে নানা আলোচনা শুরু হয়েছে। তবে ধর্মান্তর ও বিয়ে—উভয় ক্ষেত্রেই তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ায় বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্তের মধ্যেই সীমাবদ্ধ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।