মোঃ সুজন, ভোলা চরফ্যাশন প্রতিনিধি
ভোলার গৃহবধূ সুমাইয়া আক্তার মিতুর মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলার পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৬ জুন) রাতে চট্টগ্রামের ইপিজেড এলাকার ব্যারিস্টার কলোনিতে অভিযান চালিয়ে র্যাব-৮ ও র্যাব-৭ এর যৌথ দল তাদের গ্রেফতার করে।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার মেজর মো. রওনক জাহান সরকার।
গ্রেফতারকৃতরা হলেন— নিহত মিতুর স্বামী সোহাগ, শাশুড়ি কোহিনূর বেগম এবং ননদ মুক্তা আক্তার। তারা মামলার এজাহারভুক্ত ১, ২ ও ৪ নম্বর আসামি।
র্যাব সূত্রে জানা যায়, গৃহবধূ সুমাইয়া আক্তার মিতুর মৃত্যুর ঘটনায় গত ৫ জুন রাতে ভোলা সদর মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলায় চারজনকে এজাহারনামীয় এবং পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
ঘটনার পর থেকেই র্যাব-৮ ভোলা ক্যাম্প বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে। একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্তের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্তে কাজ চালিয়ে যায়।
পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামের ইপিজেড এলাকার ব্যারিস্টার কলোনিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার তিন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে আলোচিত এই মামলার তিন আসামি গ্রেফতার হওয়ায় নিহত মিতুর পরিবারের সদস্যরা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আশা প্রকাশ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার বাকি আসামিদের বিরুদ্ধেও প্রয়োজনীয় তদন্ত ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।