আব্দুল্লাহ আল নোমানী, জেলা প্রতিনিধি, ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীর ভাঙন কবলিত এলাকা রক্ষায় জিও ব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের বাদুরতলা বাজার এলাকায় বিষখালী নদীর ভাঙন কবলিত স্থানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাহিদ হাসান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন শেষে সাংবাদিকদের এমপি জামাল বলেন, "বিষখালী নদীর ভাঙন থেকে জনপদ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। বর্ষায় ভাঙনের তীব্রতা যেন না বাড়ে সে জন্যই এই পদক্ষেপ। আগামী মৌসুমের মধ্যেই বাদুরতলা এলাকায় স্থায়ীভাবে ভাঙন রোধে ব্লক ফেলার কাজ শুরু করতে পারব।"
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রকল্পটি মোট ৫টি প্যাকেজে বাস্তবায়ন হবে। বর্তমানে দুটি প্যাকেজে কাজ চলছে। এর মধ্যে একটিতে ৪৫ মিটার এবং অন্যটিতে ৪২ মিটারসহ মোট ৮৭ মিটার ভাঙন কবলিত এলাকায় প্রায় ১৫ হাজার জিও ব্যাগ ফেলা হচ্ছে। পর্যায়ক্রমে ভাঙন কবলিত বাকি অংশেও আরও ৩টি প্যাকেজে জিও ব্যাগ ফেলা হবে।
উল্লেখ্য, এর আগে গত ১৩ মে বাদুরতলা বাজারের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এমপি রফিকুল ইসলাম জামাল।