নিজেস্ব প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলায় মাত্র ৩ বছরের এক অবুঝ শিশু কন্যাকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দিয়ে ধর্ষণের এক অত্যন্ত জঘন্য ও পাশবিক অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। এই ন্যাক্কারজনক ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর থেকেই পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
গত শুক্রবার (১৯ জুন, ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাউরগাতি গ্রামে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। অভিযুক্ত লম্পট বৃদ্ধের নাম জালাল সিকদার (৬৫), সে ওই গ্রামের মৃত আজাহার সিকদারের ছেলে।
ভুক্তভোগী শিশুর পারিবারিক অভিযোগ থেকে জানা গেছে, শুক্রবার বিকেলে প্রতিবেশী জালাল সিকদার ওই ছোট্ট শিশুটিকে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে ফুসলিয়ে নিজের বসত ঘরের ভেতরে ডেকে নিয়ে যায়। ঘরে কেউ না থাকার সুযোগে সে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। স্থানীয়রা জানান, অভিযুক্ত জালালের একাধিক বিয়ে থাকলেও বর্তমানে তার ঘরে কোনো স্ত্রী নেই। ঘটনার পর থেকে সে নিজের অপরাধ ঢাকতে এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছে।
নির্যাতনের শিকার শিশুটির চাচী জানান, ঘটনার পর শিশুটি রক্তাক্ত ও গুরুতর জখম হলে তাকে প্রথমে দ্রুত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌকির আহমেদ জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে শিশুটিকে ভর্তি রেখে মেডিকেল টেস্ট সম্পন্ন করা হয়েছে।
খবর পেয়ে ওই রাতেই গৌরনদী মডেল থানার এসআই মো. ফিরোজ আলম প্রথমে হাসপাতালে ভুক্তভোগী শিশুকে দেখতে যান এবং পরবর্তীতে বাউরগাতি গ্রামের ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা না হলেও পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ প্রাপ্তিমাত্রই লম্পট জালাল সিকদারকে গ্রেফতার করতে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।