মোঃ সুজন, প্রতিনিধি (চরফ্যাশন, ভোলা)
ভোলা জেলার লালমোহনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে এই সাফল্য অর্জিত হয়।
জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ) মাহমুদুল হাসান বাপ্পির নেতৃত্বে একটি চৌকস টিম লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া হাসপাতাল রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মফিজ উদ্দিন হাওলাদারের বাড়ির সামনে থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আলামিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আলামিন লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া হাসপাতাল রোড এলাকার বাসিন্দা। তিনি মৃত আলী হোসেন ও মৃত মনোয়ারা বেগমের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভোলা জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।