উপজেলা প্রতিনিধি, ইনসাফ টাইমস ২৪, ডিমলা (নীলফামারী)
তারিখ: ২০ জুন ২০২৬
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীর ডিমলায় এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় তিস্তা নদীর তীরে তিস্তা মহাপরিকল্পনা সংগ্রাম কমিটি, নীলফামারী জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে তিস্তা নদী অববাহিকার বিভিন্ন এলাকার হাজারো মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং তিস্তা পাড়ের মানুষের জীবনমান উন্নয়নের দাবি জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য মো. আব্দুস সাত্তার। এছাড়াও নীলফামারী জেলার চারজন নির্বাচিত সংসদ সদস্য মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুধু উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি নয়, এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে কৃষি, মৎস্য, যোগাযোগ ও পরিবেশ খাতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে এবং তিস্তা নদী তীরবর্তী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
তারা সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থে এ প্রকল্পকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কৃষক, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন