ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় পটুয়াখালীতে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর নিজের মাথা ন্যাড়া করিয়ে আলোচনায় এসেছেন কাজী রাফি নামের এক আর্জেন্টিনা সমর্থক।
জানা যায়, পটুয়াখালী শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা কাজী রাফি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ফুটবল দলের একজন নিবেদিতপ্রাণ সমর্থক। বিশ্বকাপ উপলক্ষে সমর্থকদের মধ্যে চলা বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবে তিনি ফেসবুক লাইভে ঘোষণা দেন, ব্রাজিল যদি হাইতির বিপক্ষে জয়লাভ করে, তবে তিনি নিজের মাথা ন্যাড়া করবেন।
শনিবার (২০ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল হাইতিকে পরাজিত করে জয় নিশ্চিত করলে বিষয়টি নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। খেলা শেষে শহরের বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় যান এবং তার দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন।
পরে কাজী রাফি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে শহরের ঝাউবন এলাকায় আসেন। সেখানে উপস্থিত ব্রাজিল সমর্থকদের সামনেই তিনি নিজের মাথা ন্যাড়া করান। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত অনেকেই আনন্দ-উচ্ছ্বাসে অংশ নেন।
মুহূর্তের মধ্যেই মাথা ন্যাড়া করার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা ও হাস্যরস।
মাথা ন্যাড়া করার পর কাজী রাফি বলেন, “আমি কথা দিয়েছিলাম, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করব। আমি আমার প্রতিশ্রুতি রেখেছি। ফুটবল আমাদের আনন্দের খেলা, এখানে প্রতিশ্রুতি ও বন্ধুত্ব দুটোই গুরুত্বপূর্ণ।”
স্থানীয়রা জানান, বিশ্বকাপকে ঘিরে এমন মজার ও ব্যতিক্রমী ঘটনা এলাকায় আনন্দের আবহ তৈরি করেছে। তারা এটিকে ফুটবলপ্রেমীদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও খেলাধুলার ইতিবাচক সংস্কৃতিরই একটি উদাহরণ হিসেবে দেখছেন।
মন্তব্য করুন