ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

টেকসই উন্নয়নে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের আহ্বান তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সমাজ ও রাষ্ট্রে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা না গেলে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয়। বিজ্ঞান ও ইতিহাসের অভিজ্ঞতা থেকে দেখা যায়, সমতার ভিত্তিতে অগ্রসর হওয়ার পথই একটি সমাজকে দীর্ঘমেয়াদে উন্নতির দিকে নিয়ে যায়।মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জার্মান আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা সংস্থা জিআইজেড ও নরওয়ে সরকারের উদ্যোগে ‘ইনফরমেশন ইন্টিগ্রিটি অ্যান্ড সোশ্যাল কোহেশন ইন বাংলাদেশ: পলিসি, প্ল্যাটফর্ম অ্যাকাউন্টাবিলিটি অ্যান্ড কালেক্টিভ অ্যাকশন’ শীর্ষক সংলাপটি অনুষ্ঠিত হয়।মন্ত্রী বলেন, বাংলাদেশে গণমাধ্যম ও তথ্যের ক্ষেত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির বিকাশের কারণে তথ্যপ্রবাহের সুযোগ বাড়লেও এর সঙ্গে নতুন ধরনের চ্যালেঞ্জও তৈরি হচ্ছে।এসব চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্র, গণমাধ্যম, নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সময়ে তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি এর বিশ্বাসযোগ্যতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের ফলে তথ্যের পরিধি বাড়ছে। একই সঙ্গে ভুল তথ্য, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।তিনি বলেন, এসব সমস্যা সমাধানে আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। পাশাপাশি বাংলাদেশের বাস্তবতা ও প্রয়োজন অনুযায়ী নিজস্ব সক্ষমতা গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।ফ্রাঙ্কেনস্টাইনের উদাহরণ তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তি যদি একসময় মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে ভবিষ্যতে এমন এক দানবীয় পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যা শেষ পর্যন্ত মানুষের জন্যই ধ্বংস ডেকে আনতে পারে।গণমাধ্যম ও তথ্যব্যবস্থাকে আধুনিক করার ক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, গবেষণা, নীতিনির্ধারণ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয় এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।নতুন প্রজন্মের প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ডেটাভিত্তিক যোগাযোগব্যবস্থাকে ইতিবাচক কাজে ব্যবহারের আহ্বান জানান তিনি।মন্ত্রী আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং জনগণের তথ্য পাওয়ার অধিকার—এই তিনটি বিষয়কে সমন্বিতভাবে বিবেচনা করতে হবে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের দক্ষতা বাড়ানো এবং নতুন প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার সুযোগ তৈরি করাও প্রয়োজন।ইউএনডিপির এ ধরনের আয়োজন দেশের গণমাধ্যম খাতে নীতি প্রণয়ন ও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।সংলাপে ইউএনডিপির প্রতিনিধি, গণমাধ্যম বিশেষজ্ঞ, সাংবাদিক এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সূত্র: প্রতিদিনের সংবাদ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ১৯ আগস্ট ২০২৬

বৃষ্টি অসম্ভব, তবু প্লুটোর বুকে তরল পদার্থ এল কীভাবে?

বরফে আচ্ছাদিত বামন গ্রহ প্লুটোয় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সেখানকার তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় পরিস্থিতিও তা সমর্থন করে। তবে বিজ্ঞানীদের নতুন বিশ্লেষণে জানা গেছে, প্লুটোর ভূপৃষ্ঠের নিচে তরল নাইট্রোজেন রয়েছে। বরফের ফাটলের মধ্য দিয়ে সেই তরল নাইট্রোজেন ভূপৃষ্ঠে উঠে আসতে পারে বলে ধারণা করছেন তারা।২০১৫ সালে নাসার মহাকাশযান ‘নিউ হরাইজনস’ প্লুটোর পাশ দিয়ে যাওয়ার সময় এর ভূপৃষ্ঠের ছবি ধারণ করে। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ছবিগুলোর নতুন বিশ্লেষণেই তরল পদার্থের উপস্থিতি সম্পর্কে এই তথ্য পাওয়া গেছে।প্লুটোর ‘স্পুটনিক প্লানিটিয়া’ অঞ্চলে তরল পদার্থের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। বিশাল এই হিমায়িত নাইট্রোজেনের হিমবাহটির আয়তন যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ওকলাহোমা অঙ্গরাজ্যের সম্মিলিত আয়তনের চেয়েও বেশি। নিউ হরাইজনসের ধারণ করা ওই এলাকার উত্তর অংশের ছবিতে বেশ কিছু ভূতাত্ত্বিক কাঠামোও দেখা গেছে।ছবিতে সরু কালো রেখার পাশাপাশি চওড়া দাগের অস্তিত্ব পাওয়া যায়। গবেষকদের মতে, এসব চিহ্নের মাধ্যমে বোঝা যায়, ওই এলাকায় কোনো একসময় তরল পদার্থ প্রবাহিত হয়েছিল।প্লুটোর গ্রহবিজ্ঞান এবং পৃথিবীর হিমবাহ নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের একটি দল এই গবেষণা পরিচালনা করেছে। গত ৩১ জুলাই ‘প্ল্যানেটারি সায়েন্স জার্নাল’-এ গবেষণাটি প্রকাশিত হয়। গবেষকদের দাবি, প্লুটোর ওই কালো অঞ্চলগুলো সময় সময় ভিজে যায়।পৃথিবীর হিমবাহ বৃষ্টিপাত কিংবা ভূগর্ভ থেকে উঠে আসা তরলের কারণে যেভাবে ভিজে যায়, প্লুটোর ক্ষেত্রেও বিষয়টি অনেকটা একই রকম। তবে প্লুটোয় তরল নাইট্রোজেনের বৃষ্টিপাত হওয়া সম্ভব নয়। এ কারণে বিজ্ঞানীরা ধারণা করছেন, বরফের ফাটল দিয়ে ভূপৃষ্ঠের নিচে থাকা নাইট্রোজেনই ওপরে উঠে আসছে।নিউ হরাইজনস মিশনের প্রধান গবেষক এবং এই গবেষণার মূল লেখক অ্যালান স্টার্ন বলেন, “প্লুটো আমাদের চমকে দেওয়া অব্যাহত রেখেছে।”তার ভাষ্য অনুযায়ী, এই আবিষ্কার থেকে বোঝা যায়, প্লুটোর ভূপৃষ্ঠে সাম্প্রতিক সময়েও তরল পদার্থের উপস্থিতি ঘটেছে এবং সময়ের সঙ্গে বামন গ্রহটিতে নতুন ধরনের পরিবর্তন হচ্ছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ১৬ আগস্ট ২০২৬

বিনা মূল্যে ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাবেন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া প্রোফাইল, ছবি, ভিডিও ও বিভিন্ন ধরনের গুজব দিন দিন বাড়ছে। এর ফলে তৈরি হচ্ছে বিভ্রান্তি এবং নানা ধরনের সমস্যা। ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানও এসবের কারণে প্রতারণার শিকার হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করার উদ্যোগ নিয়েছে। এই ব্যাজ পেতে ব্যবহারকারীকে সেলফি ভিডিওর মাধ্যমে পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।মেটার তথ্য অনুযায়ী, নতুন এই ভেরিফায়েড ব্যাজের মাধ্যমে বোঝা যাবে সংশ্লিষ্ট ফেসবুক প্রোফাইলের ব্যবহারকারী প্রকৃত ব্যক্তি কি না। তবে এটি মেটার সাবস্ক্রিপশনভিত্তিক ‘মেটা ভেরিফায়েড’ সেবার মতো নয়। সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হতে যাওয়া এই ব্যাজের জন্য কোনো অর্থ দিতে হবে না।বিনামূল্যে ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়মমেটার নতুন ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে নিজের সেলফি ভিডিও ধারণ করতে হবে। এরপর ওই ভিডিও অ্যাকাউন্ট মালিকের ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে।কারা ভেরিফায়েড ব্যাজ পাবেনফেসবুকে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার জন্য ব্যবহারকারীকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো— ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে। প্রতারণা, ভুয়া পরিচয় কিংবা সন্দেহজনক কর্মকাণ্ডের কোনো ইতিহাস থাকা যাবে না। পরিচয় যাচাইয়ের প্রক্রিয়ায় সফল হতে হবে। পরিচয় যাচাই সম্পন্ন হলে ফেসবুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাজটি দেখা যাবে। এর মধ্যে রয়েছে প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ এবং ফেসবুক ডেটিং।মেটা জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এখন সহজেই ভুয়া ছবি, পরিচয় এবং বিশ্বাসযোগ্য দেখতে প্রোফাইল তৈরি করা সম্ভব হচ্ছে। এসবের মাধ্যমে প্রতারণা, জালিয়াতি এবং ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা বাড়ছে। নতুন ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজ চালু হলে ব্যবহারকারীরা অন্তত বুঝতে পারবেন, তারা যার সঙ্গে যোগাযোগ করছেন তিনি প্রকৃত ব্যক্তি কি না।তবে মেটা স্পষ্ট করেছে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা কিংবা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেবে না। এটি কেবল পরিচয় যাচাইয়ের প্রমাণ হিসেবে কাজ করবে। তাই অনলাইনে লেনদেনের সময় কিংবা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে ব্যবহারকারীদের সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।মেটা জানিয়েছে, নতুন ‘ফেসবুক ভেরিফায়েড ব্যাজ’ পর্যায়ক্রমে চালু করা হবে। প্রথমে নির্বাচিত কয়েকটি দেশে ফিচারটি চালুর পর ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে। তবে কোন কোন দেশে প্রথমে এই সুবিধা চালু হবে, তা এখনো জানানো হয়নি।এআই প্রযুক্তির বিস্তারের সঙ্গে অনলাইনে ভুয়া পরিচয় তৈরির ঝুঁকিও বাড়ছে। ভুয়া পরিচয় ব্যবহার করে তৈরি অ্যাকাউন্ট থেকে গুজব ও প্রচারণা ছড়ানোর প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা চালু করা ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে। সূত্র: এনগ্যাজেট

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ১৬ আগস্ট ২০২৬

রাড়ুলীতে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত

প্রখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রোববার (২ আগস্ট) খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নে তাঁর পারিবারিক বাসভবন প্রাঙ্গণে আলোচনা সভা, বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী, যাদুঘর পরিদর্শন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার জনাব মো. আব্দুল্লাহ হারুন। সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক জনাব হুরে জান্নাত।অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও মাল্যদান করেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে বক্তারা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বিজ্ঞানচর্চা, শিক্ষা, গবেষণা এবং দেশপ্রেমমূলক অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। এরপর অতিথিরা বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখেন এবং আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের স্মৃতি সংরক্ষিত যাদুঘর পরিদর্শন করেন।এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বিজ্ঞান বিষয়ক বই ও গাছের চারা বিতরণ করা হয়।আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণার আগ্রহ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও নানা কর্মসূচির মাধ্যমে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ০২ আগস্ট ২০২৬

বিনামূল্যে আইডি ভেরিফিকেশন সুবিধা আনছে মেটা, ভিডিও সেলফিতেই মিলবে নতুন ব্যাজ

সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন একটি পরিচয় যাচাই (ভেরিফিকেশন) সুবিধা চালু করতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এতদিন নীল টিক বা ভেরিফায়েড ব্যাজ মূলত পরিচিত ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা অর্থের বিনিময়ে Meta Verified গ্রাহকদের জন্য সীমাবদ্ধ থাকলেও এবার বিনামূল্যে পরিচয় যাচাইয়ের সুযোগ দেওয়া হবে।মেটার নতুন Facebook Verified ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীরা একটি সংক্ষিপ্ত ভিডিও সেলফি জমা দিয়ে নিজেদের পরিচয় যাচাই করতে পারবেন। ভিডিওটি অ্যাকাউন্টে থাকা প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হবে। যাচাই সফল হলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে একটি বিশেষ ভেরিফিকেশন ব্যাজ যুক্ত হবে।এই সুবিধা পেতে হলে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে এবং ভুয়া পরিচয়, প্রতারণা বা সন্দেহজনক কার্যকলাপের কোনো ইতিহাস থাকা যাবে না।পরিচয় যাচাই সম্পন্ন হলে ব্যাজটি ব্যবহারকারীর প্রোফাইল, ফেসবুক মার্কেটপ্লেস, গ্রুপ এবং ফেসবুক ডেটিংসহ বিভিন্ন স্থানে প্রদর্শিত হবে। ভবিষ্যতে নিউজ ফিডেও এই ব্যাজ দেখানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে মেটা।মেটা জানিয়েছে, এই নতুন Facebook Verified এবং অর্থের বিনিময়ে পাওয়া Meta Verified এক নয়। নতুন ভেরিফিকেশনটি সম্পূর্ণ বিনামূল্যে এবং এটি শুধু একজন বাস্তব ব্যক্তির পরিচয় নিশ্চিত করবে। অন্যদিকে Meta Verified-এ মাসিক সাবস্ক্রিপশনের মাধ্যমে নীল টিকের পাশাপাশি অতিরিক্ত গ্রাহক সহায়তা, পরিচয় চুরি থেকে সুরক্ষা এবং বিভিন্ন প্রিমিয়াম সুবিধা পাওয়া যায়।প্রতিষ্ঠানটির ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কারণে ভুয়া ছবি, ভুয়া পরিচয় ও প্রতারণামূলক অ্যাকাউন্টের সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে প্রকৃত ব্যবহারকারীদের শনাক্ত করতে এবং ভুয়া পরিচয়ের ঝুঁকি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মেটা স্পষ্ট করেছে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না; এটি কেবল পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার প্রমাণ।মেটা জানিয়েছে, ফিচারটি ধাপে ধাপে চালু করা হবে। শুরুতে নির্বাচিত কয়েকটি দেশে এটি চালু হবে এবং পরে পর্যায়ক্রমে অন্যান্য দেশেও সম্প্রসারণ করা হবে।সূত্র: এনগ্যাজেট

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ২৫ জুলাই ২০২৬

পাহাড়ি ঢলে দোছড়ির বিদ্যালয় বিধ্বস্ত, পুনর্নির্মাণে মানবিক সহায়তা নিয়ে পাশে জেলা প্রশাসন

প্রতিবেদন: ইফাত আহমেদ জামি, আলীকদম প্রতিনিধিআলীকদম (বান্দরবান) প্রতিনিধি: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র আঘাতে বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম দোছড়ি সীমান্ত এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৩০ জন প্রান্তিক পরিবারের শিক্ষার্থীর নিয়মিত পাঠদান কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়ে। দুর্গম এ অঞ্চলের আশপাশে বিকল্প কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।বিদ্যালয়টির ক্ষয়ক্ষতির ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে। শিক্ষার্থীদের পড়াশোনা যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে দ্রুত উদ্যোগ গ্রহণ করে জেলা প্রশাসন। পরিস্থিতি পর্যালোচনা শেষে বিদ্যালয়টির সংস্কার ও পুনর্নির্মাণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ মেট্রিক টন খাদ্যশস্য এবং প্রয়োজনীয় পরিমাণ ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এ তাৎক্ষণিক ও মানবিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, দ্রুত পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হলে দুর্গম সীমান্ত এলাকার কোমলমতি শিক্ষার্থীরা আবারও নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে শ্রেণিকক্ষে ফিরতে পারবে। একই সঙ্গে বিদ্যালয়টি পুনরায় চালু হলে এলাকার শিশুদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক ধারায় ফিরে আসবে এবং তাদের শিক্ষাজীবনে সৃষ্ট অনিশ্চয়তাও দূর হবে।

শিক্ষাঙ্গন ২৩ জুলাই ২০২৬

২০২৭ সালে ৬ মিনিটের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দিনের আলো ঢাকবে বিরল মহাজাগতিক দৃশ্য

২০২৭ সালের ২ আগস্ট একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব। দেশটির বিস্তীর্ণ অঞ্চলে এ বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা দেখা যাবে। স্পেস ডট কমের তথ্য অনুযায়ী, ১৯৯১ থেকে ২১১৪ সালের মধ্যে ভূমি থেকে দৃশ্যমান সবচেয়ে দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণগুলোর একটি হবে এটি।সৌদি মহাকাশ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রহণের পূর্ণগ্রাস পর্যায়ে দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় প্রায় ছয় মিনিট পর্যন্ত সূর্যের আলো সম্পূর্ণভাবে আড়াল হয়ে থাকবে।বিশেষজ্ঞদের মতে, এত দীর্ঘ সময়ের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ খুবই বিরল। ফলে সূর্যের বহিরাবরণ বা করোনা পর্যবেক্ষণের জন্য এটি বিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ একটি সুযোগ হয়ে উঠবে।তথ্য অনুযায়ী, আভা অঞ্চলে সর্বোচ্চ ছয় মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস দেখা যেতে পারে। অন্যদিকে জেদ্দা ও পশ্চিম উপকূলের কয়েকটি এলাকায় এই সময়কাল প্রায় পাঁচ মিনিট ৫০ সেকেন্ড হতে পারে।সৌদি কর্তৃপক্ষের ধারণা, এই বিরল মহাজাগতিক ঘটনাকে কেন্দ্র করে দেশটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ পর্যবেক্ষণস্থলে পরিণত হবে। একই সময়ে প্রতিবেশী মিশরের কিছু এলাকাতেও গ্রহণের স্থায়িত্ব আরও বেশি হতে পারে বলে জানানো হয়েছে।পূর্ণগ্রাসের পথের বাইরে সৌদি আরবের অন্যান্য এলাকাতেও আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। অঞ্চলভেদে সূর্যের প্রায় ৮০ শতাংশ পর্যন্ত চাঁদের আড়ালে চলে যেতে পারে। তবে গ্রহণের সময় ও দৃশ্যমানতার মাত্রা স্থানভেদে ভিন্ন হবে।জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানান, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথ লোহিত সাগরের উপকূল অতিক্রম করে মক্কা, জেদ্দা, তাইফ, আল-বাহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানসহ একাধিক শহর ও প্রশাসনিক অঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হবে। সংশ্লিষ্টদের মতে, এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাকে ঘিরে আগামী বছর সৌদি আরবে দেশি-বিদেশি গবেষক ও পর্যটকদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ২০ জুলাই ২০২৬