পঞ্চগড়ের বোদায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানতে পারে, দুই মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও থেকে গাঁজার একটি চালান বোদা বাইপাস হয়ে সাকোরের দিকে নিয়ে যাচ্ছে। মাদকদ্রব্যটি সাদা রঙের প্লাস্টিকের বস্তায় পুরোনো কাপড়ের আড়ালে বিশেষ কৌশলে লুকিয়ে বহন করা হচ্ছিল।সংবাদ পেয়ে পঞ্চগড়ের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় ডিবির একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বোদা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মডেল মসজিদ সংলগ্ন বোদা-দেবীগঞ্জ মহাসড়কের পাশে মুন্না ইসলামের দোকানের কাছে কৌশলে অবস্থান নেয়।পরে রাত ৯টা ৫ মিনিটের দিকে সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী একটি মোটরসাইকেল থামিয়ে চালক হৃদয় ইসলাম (২২) এবং পেছনে থাকা মহেন রায় (২৩)-কে হেফাজতে নেয় পুলিশ। তারা দুজনই বোদা উপজেলার পাঁচপীরের সেনপাড়া এলাকার বাসিন্দা।তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলের মাঝখানে থাকা সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর পুরোনো কাপড়ের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা নীল পলিথিন ও কসটেপে মোড়ানো ১২টি পোটলা উদ্ধার করা হয়। পরে পরিমাপক যন্ত্রে ওজন করে পোটলাগুলোতে মোট ১২ কেজি গাঁজা পাওয়া যায়।অভিযানে উদ্ধার করা গাঁজা, একটি মোটরসাইকেল ও একটি স্মার্ট মোবাইল ফোন রাত ৯টা ৩৫ মিনিটে যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজনের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে। তাদের আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।