ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ইউএনও গোলাম রব্বানী সরদারের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর অভিযোগের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। খণ্ডিত ভিডিও ক্লিপ ও প্রেক্ষাপটহীন ফোনালাপকে কেন্দ্র করে একটি মহলের অপপ্রচারের বিরুদ্ধে এই প্রতিবাদ জানানো হয়। জানা যায়, গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখে পীরগঞ্জ উপজেলার ০৯ নং সেনগাঁও ইউনিয়নের একটি পূজামণ্ডপে বক্তব্য দেওয়ার সময় স্থানীয় সংসদ সদস্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মো. সাইদুর রহমানের নাম উল্লেখ করেন। সে সময় উপস্থিত অন্যান্য লোকজনের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব গোলাম রব্বানী সরদারকেও করতালি দিতে দেখা যায়। এই ঘটনার ১০ থেকে ১৫ সেকেন্ডের একটি খণ্ডিত ভিডিও ক্লিপ ফেসবুকের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়।ঘটনার পাঁচ দিন পর পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বাদল হোসেন মুঠোফোনে ইউএনওকে বলেন যে, সংসদ সদস্যের বক্তব্যের সঙ্গে করতালি দেওয়ায় তিনি বিএনপির নেতার মতো আচরণ করেছেন। এর জবাবে ইউএনও কিছুটা ব্যঙ্গাত্মক বা তাত্ত্বিক ভঙ্গিতে বলেন, “আপনি যদি মনে করেন, তাহলে তাই—আমি পীরগঞ্জে বিএনপির নেতা।” পরবর্তীতে এই ফোনালাপ ও খণ্ডিত ভিডিওর প্রকৃত প্রেক্ষাপট এবং বক্তব্যের অন্তর্নিহিত অর্থ বিবেচনা না করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে ভিন্নভাবে প্রচার করা হয়, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম রব্বানী সরদার স্পষ্ট করে জানিয়েছেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে তাঁর মূল দায়িত্ব হলো আইন ও বিধিবিধান মেনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা। কোনো অনুষ্ঠানে উপস্থিতি বা প্রটোকল অনুযায়ী স্বতঃস্ফূর্তভাবে করতালি দেওয়ার ঘটনাকে দলীয় সম্পৃক্ততা বা রাজনৈতিক পরিচয়ের প্রমাণ হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণ অযৌক্তিক ও অনভিপ্রেত। এ ধরনের মনগড়া প্রচার একজন সরকারি কর্মকর্তার পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। তিনি সংশ্লিষ্ট সকলকে যেকোনো তথ্য প্রচারের পূর্বে তা ভালোভাবে যাচাই-বাছাই করার এবং পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা বজায় রাখার উদাত্ত আহ্বান জানিয়েছেন। সত্যনিষ্ঠ তথ্য প্রকাশ এবং সরকারি কর্মকর্তাদের পেশাগত নিরপেক্ষতার প্রতি শ্রদ্ধা জানানো সকলেরই নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
প্রতিবাদকারী: উপজেলা নির্বাহী অফিসার, পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
আপনার মতামত লিখুন